ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয়। ফলে হরতালের সমর্থনে পিকেটারদের খুব একটা চোখে পড়েনি কোথাও। তবে মিরপুরে একসঙ্গে পাঁচটি হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সংখ্যায় অন্য দিনের চেয়ে কম হলেও সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে। সকালে বাস টার্মিনালগুলো থেকে দূর পাল্লার বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হরতাল সামনে রেখে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বুধবার রাত থেকেই। আশপাশের এলাকায়ও বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন নেতা দলীয় কার্যালয়েই রাত কাটান। তবে সকালে কাউকে সেখানে ঢুকতে দেয়নি পুলিশ।
সকালে মিরপুর-২ এলাকায় জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনের সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হওয়ার পরপরই এক সঙ্গে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় মিছিলকারীরা।
এর আগে সেখানে একটি গাড়ি ভাংচুর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে ডাকা হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে এই হরতাল করছে বিরোধী দল। নেতাদের কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতাল করে বিএনপি।
এদিকে হরতালের আগের দিন বুধবার রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাস এবং ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়া হয়। কারওরান বাজার, রাজারবাগ, পান্থপথ, মালিবাগ ও মিরপুর ১০ নম্বর এলাকায় ৬টি বাস এবং টিকাটুলিতে একটি ট্যাক্সি ক্যাব পুড়িয়ে দেওয়া হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
হরতালের কারণে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) সব পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯০৫ ঘ.
bdnews24