২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সঙ্গে কারাগারে ফখরুলসহ ৩৩ নেতা

হাই কোর্টের পর বিচারিক আদালতও নাকচ করে দিয়েছে ১৮ দলীয় জোট নেতাদের জামিন আবেদন, তাদের পাঠানো হয়েছে কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:24 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাই কোর্ট থেকে জামিন না পেয়ে জোট নেতারা বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর জোট নেতাদের আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার কাছে আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে সেটিও খারিজ হয়ে যায়। আদালতের আদেশের পর বিকালে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যে নেতাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। একটি মামলায় একসঙ্গে এতজন রাজনৈতিক নেতার কারাগারে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। বিএনপির মুখপাত্র ফখরুলসহ দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ছয় জন সদস্য রয়েছেন কারাগারে যাওয়ার তালিকায়। রয়েছেন অলি আহমদসহ বিএনপির মিত্র চারটি দলের প্রধানও। বিএনপির অভিযোগ, নেতাদের কারাগারে পাঠানোর পেছনে সরকারের হস্তক্ষেপ রয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতালও ডেকেছে বিরোধী দল। তবে সে অভিযোগ নাকচ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইন তার ‘নিজস্ব গতিতে’ চলছে। ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গাড়ি ভাংচুর-সড়ক অবরোধও হয়েছে দুই-একটি স্থানে। জামিনের আবেদন নিয়ে বেলা ১১টার দিকে পুরান ঢাকার আদালতপাড়ায় যান ফখরুলসহ জোট নেতারা। বেলা সোয়া ১টায় শুনানি শুরু হলে জোট নেতাদের জামিনের আবেদন তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ঢাকার জেলা জজ আদালতের পিপি খন্দকার আব্দুল মান্নান এবং মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু এই আবেদনের বিরোধিতা করেন। এক ঘণ্টারও বেশি সময় শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন বিচারক। পুনর্বিবেচনার আবেদনও নাকচ হয়ে গেলে বিকাল ৩টার দিকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়া হয় জোট নেতাদের। বিকাল ৪টার পর তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম। ৩৩ জনের মধ্যে ১৪ জনকে ডিভিশন দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে জামিন নাকচের আদেশের পরপরই বিএনপি সমর্থিত আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের মধ্যে কেউ কেউ আদালতের দরজা ও এজলাসের আসন ভাংচুরের চেষ্টা চালান। ওই সময় বিচারক এরফান উল্লাহর নামফলক ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়। জোট নেতাদের প্রিজন ভ্যানে তোলার সময় বিএনপি সমর্থক ৩০-৪০ জন আইনজীবী ভ্যানের সামনে শুয়ে পড়েন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দুই সাংবাদিকসহ কয়েকজন আহত হন। শুনানির সময়েই মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে জনসন রোড এবং রায় সাহেব বাজার এলাকায় যানবাহন বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকেই আদালতপাড়ায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ। মামলা দায়েরের এক সপ্তাহের মাথায় তেজগাঁও থানা পুলিশ গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। নানা নাটকীয়তার পর ফখরুলসহ ৩৪ জন আগাম জামিনের আবেদন করলে বিভক্ত আদেশ দেয় হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর বিষয়টি তৃতীয় বেঞ্চে গেলে গত ১৩ মে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ ১৬ মের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতনকে আগেই গ্রেপ্তার করা হয়, তারা এখন কারাগারে। তবে আরেক যুগ্ম মহাসচিব মাহাবুবউদ্দিন খোকন জামিন পেয়েছেন। যারা কারাগারে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুও কারাগারে গেছেন। কারাগারে যাওয়া সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটু, সাবেক ওয়ার্ড কমিশনার আবুল বাশার, আনোয়ারুজ্জামান আনোয়ার ও ইউনুস মৃধা, ঢাকা মহানগর বিএনপির নেতা লুৎফর রহমান ও নবী সোলায়মানকেও কারাগারে পাঠানো হয়েছে। জামিনের জন্য ৩৪ জনের আবেদন জমা দেওয়া হলেও ওবায়দুল হক নাসির নামের একজনকে পুলিশ অন্য একটি মামলায় গ্রেপ্তার করায় তিনি আদালতে হাজির হতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/এমআই/০১২৪ ঘ.