ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান প্রধান নেতারা কারাবন্দি থাকায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনার সুযোগ পেয়েছেন দলটির অনিয়মিত ও পিছিয়ে পড়া নেতারা।
১৮ দলীয় জোটের ৩৩ জন শীর্ষ নেতা বুধবার কারাগারে যাওয়ার পর রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন বাদে সবই ছিল নতুন মুখ। বিএনপি সমর্থক আইনজীবীরাও ছিলেন বৈঠকে।
বিএনপি রাজনৈতিক কার্যক্রমে অনেক দিন ধরে অনিয়মিত সাবেক মন্ত্রী ব্যবসায়ী এম মোরশেদ খানকে দেখা গেছে বুধবার রাতে।
সংস্কারপন্থীর তকমা পেয়ে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ক্ষেত্রে পেছন পড়ে যাওয়া অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক এম এ মান্নান পেয়েছেন দলীয় নেত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ।
দলে নিষ্ক্রিয় সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরও ছিলেন খালেদার সঙ্গে বৈঠকে। ছিলেন ঢাকার বাইরে থাকা বরিশালের সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ারও।
তত্ত্বাবধায়ক আমলে সংস্কারপন্থীদের নেতা হিসেবে খালেদা সমর্থকদের লাঞ্ছনার শিকার সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, দল-বদলের রাজনীতির জন্য পরিচিতি পাওয়া মওদুদ আহমদ ছিলেন যথারীতি।
স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা খোন্দকার মাহবুব হোসেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকে অংশ নেন।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের ছোট ভাই আশিকুর রহমান শান্তও রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় দুপুরে জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার আদালত।
এর প্রতিবাদে বিকালে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে।
ফখরুলসহ শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে নজরুলসহ কয়েকজন নেতা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন। আগে দলের এই কার্যালয়ে সার্বক্ষণিক উপস্থিতি থাকত ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের।
ফখরুলের অনুপস্থিতিতে দলের মুখপাত্রের দায়িত্ব কে পালন করবেন- জানতে চাইলে নজরুল সাংবাদিকদের বলেন, তা দলের আলোচনার পর সিদ্ধান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৫৫ ঘ.
bdnews24