ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর পর ফের গাড়িতে অগ্নিসংযোগের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বিএনপি অরাজকতা সৃষ্টি করার জন্যই একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
বুধবার বিকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, “বিচার প্রার্থীদের কেউ মিছিল করে আদালতে আসে না। তারা (বিএনপি) অরাজকতা সৃষ্টি করতে চায়। আদালতেও তারা অস্থিরতার সংস্কৃতি গড়ে তুলেছে।”
বিএনপি নেতাদের কারাগারে পাঠানোর পর রাজধানীর করওয়ান বাজার, রাজারবাগ পুলিশ লাইন এলাকা ও শান্তিনগরে তিনটি গাড়িতে আগুন দেয় বিএনপি সমর্থকরা। আদালত চত্বরেও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
টুকু বলেন, “ভাঙচুর-অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টি করা তাদের স্বভাব। কারণ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়েই এই দল গঠন হয়েছে। জামিনের শুনানির সময় গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এটা কিসের আলামত?”
যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির এই অস্থিরতা- এমন মন্তব্যও করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বুধবার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে হাই কোর্টেও তাদের জামিন নাকচ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮২১ ঘ.
bdnews24