ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম)- বিএনপি নেতাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাস এবং ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কাজী নাজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ৩টার দিকে কারওরান বাজারের স্টার কাবারের সামনে একটি বাসে, রাজারবাগ পুলিশ লাইনের সামনে অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে দ্বীপ বাংলা পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন।
বিকালে টিকাটুলি ব্রাদার্স ক্লাবের সামনে একটি ট্যাক্সি ক্যাবে এবং মালিবাগ টুইন টাওয়ারের সামনে সরকারি কর্মচারীদের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর এবং ২ নম্বরে দুটি বাসে আগুন দেওয়া হয়।
কাজী নাজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত ২৯ এপ্রিল গাড়ি পোড়ানোর একটি মামলায় মুখ্য মহানগর হাকিম আদালত বুধবার দুপুরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমআই/২২১৪ ঘ.
bdnews24