২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার অভিযোগ গঠন ২৮ মে

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না তা জানা যাবে ২৮ মে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:43 AM

Updated : 25 Apr 2022, 09:20 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না তা জানা যাবে ২৮ মে। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করে দেন। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামি পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। সাত দফা অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এরপর প্রসিকিউশনের আবেদনে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামির আইনজীবী- দুই পক্ষই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করে। প্রসিকিউটর মোহাম্মদ আলী ট্রাইব্যুালকে বলেন, কাদের মোল্লার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় যেসব ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটানো হয়েছে- তা যে কোনো বর্বরতাকে হার মানায়। অভিযোগ গঠন করে অবশ্যই তার বিচার হওয়া উচিৎ। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ট্রাইব্যুনালকে বলেন, রাজনৈতিকভাবে শায়েস্তা করা ছাড়া ৪০ বছর পর এ বিচারের কোনো ভিত্তি নেই। মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই এ অভিযোগ আনা হয়েছে। তিনি বলেছেন, “একাত্তর সর্ম্পকে ইমশোন থাকবে। এটাই স্বাভাবিক। একাত্তর সম্পর্কে ইমশোন না থাকাটা অস্বাভাবিক। এদেশের ১৬ কোটি মানুষের মধ্যে যদি একজনও যুদ্ধাপরাধী থাকে; তাহলেও তার বিচার হওয়া উচিৎ। কিন্তু কোনো নিরাপরাধ মানুষকে ফাঁসানো ঠিক হবে না।” ১৯৫ জন সৈন্যের বিচার প্রসঙ্গ আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, ১৯৭৩ সালের আইনটি হয়েছিল ১৯৫ জন পাকিস্তানী সেনা কর্মকর্তার বিচারের জন্য। মূল অপরাধীদের ছেড়ে দিয়ে সহযোগীদের বিচার করা হয়; এমন নজির বিশ্বে কোথায়ও নেই। তার দাবি, বাংলাদেশি কোনো নাগরিকের বিচার করা ওই আইনের লক্ষ্য ছিল না। এমনকি বাংলাদেশি কাউকে যেন ওই আইনে বিচার করা না হয়- সেজন্য বিলে সংশোধনও হয়েছিল। আর পাকিস্তানি সেনাদের বাংলাদেশি সহযোগীদের বিচারের জন্য হয়েছিল দালাল আইন। রাজ্জাকের এমন বক্তব্যের বিরোধিতা করে প্রসিকিউটর বলেন, পাকিস্তানী সৈন্যদের হস্তান্তর ছিল আর্ন্তজাতিক রাজনৈতিক সিদ্ধান্ত। তাই বলে এদের বিচার করা যাবে না এমন কথা কোথায় বলা নেই। রাজাকার, আল বদর, আল সামস বাহিনীর সদস্যরা সহযোগী হিসেবে পাকিস্তানি বাহিনীর সঙ্গে গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছে। ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটরকে প্রশ্ন করেন, “আপরা কি ওই ১৯৫ জনের বিচারের উদ্যোগ নেবেন?” জবাবে মোহাম্মদ আলী বলেন, “এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অনুকূল পরিস্থিতি থাকলে অবশ্যই বিচারের উদোগ নেওয়া হবে।” ‘বিচারের পরিবেশ ছিল না’ যুদ্ধাপরাধের বিচারে এত বছর দেরি প্রসঙ্গে প্রসিকিউর টাইব্যুনালকে বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা বিভিন্নভাবে ক্ষমতার কাছাকাছি থেকে এই বিচারকে বাধাগ্রস্ত করেছে। অনুকূল পরিবেশ না থাকার কারণেই বিচারে দেরি হয়েছে। এমন বিলম্বের নজির বিশ্বের অন্য কোনো দেশে আছে কি না- ট্রাইব্যুালের এমন প্রশ্নের জবাবে কম্বোডিয়ার কথা উল্লেখ করলেও কারণ বলতে পারেননি প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুাল নিজেই বলেন, রাজনৈতিক স্বদিচ্ছা ও অনুকূল রাজনৈতিক পরিবেশ না থাকায় দীর্ঘ ২৫ বছর পর সে দেশে যুদ্ধাপরাধের বিচার হয়। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালি নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারিরা তাকে সহায়তা করে। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮১০ ঘ.