চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর নন্দনকাননের লায়লা মঞ্জিলের দোতলায় এলডিপি’র চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা শাখার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় কার্যালয়টি বন্ধ ছিল। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এ কে এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে এলডিপির কার্যালয়ে অভিযান চালানো হয়। দুটি শাটারের মাঝখানের রাখা একটি বস্তার মধ্যে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
উদ্ধার মালামালের মধ্যে রয়েছে- দুই কেজি লোহার গুঁড়া, ১২টি কালো টেপ, আধাকেজি গান পাউডার ও ৩০টি খালি জর্দার কৌটা।
“নাশকতা সৃষ্টির জন্য বোমা বানানোর পরিকল্পনা করা হচ্ছিল এখানে,” বলেন পুলিশ কর্মকর্তা তানভির।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ ঘটনায় পরে ওই এলাকা থেকেই ইদ্রিস চৌধুরী নামে এলডিপির এক কর্মীকে আটক করা হয়েছে। তিনি এই কার্যালয়টি তত্ত্বাবধান করতেন।
এলডিপি সভাপতি অলি আহমদ চট্টগ্রামের একটি আসনের সংসদ সদস্য। তিনি এক সময় ক্ষমতাসীন মহাজোটে থাকলেও সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০২১ ঘ.
bdnews24