২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শুরু করা খেলা আমরা শেষ করব: অলি

হরতালের মামলা দিয়ে সরকার ‘খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শরিক এলডিপি সভাপতি অলি আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলা দিয়ে সরকার ‘খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শরিক এলডিপি সভাপতি অলি আহমদ। “প্রধানমন্ত্রী মনে করছেন মামলা দিয়ে বোধ হয় খেলা শেষ। কিন্তু খেলা শেষ হয়নি, শুরু হয়েছে; খেলা আমরা শেষ করব,” বলেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এলডিপি সভাপতি সরকারকে এই হুঁশিয়ারি দেন। হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি এবং ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন বলে দাবি করেন অলি। তিনি বলেন, “নিজেরাই (সরকার) ককটেল ফাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। হেয় প্রতিপ্নন করতে বৃদ্ধ বয়সে আমাকেও মামলায় জড়ানো হয়েছে। এভাবে মিথ্যা মামলা করায় আল্লাহর গজব পড়বে।” ২০০৮ সালে সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও এখন বিএনপির জোটে যোগ দিয়েছেন সংসদ সদস্য অলি। সরকারকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বর্জনের আহ্বান জানিয়ে দেশের সমস্যা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। “সরকার ও বিরোধী দলের মধ্যে যে অবিশ্বাস রয়েছে, তাও দূর করতে হবে,” যোগ করেন অলি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি তিন মাসেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সত্য একদিন বেরিয়ে আসবে। সরকারের কেউ জড়িত থাকলে তাও বের হবে।” সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনা ধরেও সরকারের সমালোচনা করেন এলডিপি সভাপতি। মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এনডিপি আয়োজিত সভায় বক্তব্য রাখেন অলি। তিনি বলেন, “ফারাক্কা বাঁধের মতো টিপাইমুখেও বাঁধ নির্মাণ করে এদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করা হচ্ছে।” এনডিপি সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১৫৫ ঘ.