ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে দল ও সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভায় এই কর্মসূচি চূড়ান্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি সাংবাদিকদের জানান।
কর্মসূচির মধ্যে আছে- ২৯ মে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ৩০ মে জিয়ার মৃত্যুর দিন ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ১০টায় শেরে বাংলা নগরে প্রয়াত নেতার কবরে ফুল দেওয়া, মিলাদ মাহফিল এবং নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি।
এছাড়া ৩০ ও ৩১ মে দুই দিন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করবে বিএনপি।
এছাড়া ২৮ মে কৃষক দল, ১ জুন ছাত্রদলের আলোকচিত্র ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। ২ জুন শ্রমিক দল, ৩ জুন জাসাস ও যুবদল, ৪ জুন তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দল এবং ৫ জুন উলামা দল ও মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়া ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অস্থির রাজনৈতিক অবস্থায় দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা নিয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি হন।
ফখরুল জানান, জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার, কালোব্যাজ ধারণ, পত্র-পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম মঞ্জু, মশিউর রহমান, আব্দুস সালাম, এ জেড এম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, গাজী মাজহারুল আনোয়ার, নাসিরউদ্দিন অসীম, কবির মুরাদ প্রমুখ।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, নূরে আরা সাফা, শিরিন সুলতানা, হুমায়ুন ইসলাম খান, হাফেজ আবদুল মালেক, রফিকুল ইসলাম মাহতাব, আবদুল আউয়াল খান, এম এ মালেক, মনির খান, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24