২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিলে নিষেধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে: কামরুল

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নয়া পল্টনে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নয়া পল্টনে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আন্দোলনের নামে (রোববার) তারা চট্টগ্রামে সংঘাত করার চেষ্টা করছিল। আমাদের কাছে এ সম্পর্কিত গোয়েন্দা রিপোর্ট আছে।” “গণমিছিলের নামে একই কাজ তারা গতকাল ঢাকাতেও করতে চেয়েছিল। সরকারের কাছে এ সম্পর্কিত গোয়েন্দা রিপোর্ট থাকার কারণে তারা অনুমতি পায়নি”, যোগ করেন কামরুল। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সোমবার বিকালে নয়া পল্টনে গণমিছিল করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সেখানে কেবল সমাবেশ করে। সমাবেশের আগে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ শান্তি শৃঙ্খলার স্বার্থে গণমিছিল করার অনুমতি দেয়নি। তবে বিএনপি চাইলে সমাবেশ করতে পারবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে বিরোধী দলের দাবিকে কেবল ‘কথার জন্য কথা (বাত কি বাত)’ হিসাবে আখ্যায়িত করেন কামরুল ইসলাম। তিনি বলেন, “নির্বাচনের এখনো দুই বছর বাকি, কিন্তু আন্দোলনের নামে যা করছে, এতে স্পষ্ট বোঝা যায়- তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল দাবি নয়। তাদের লক্ষ্য গণতন্ত্র ধ্বংস করা।” ১৮ দলীয় জোট সম্পর্কে কটাক্ষ করে প্রতিমন্ত্রী বলেন, “তারা ১৮ দলীয় জোট গঠন করেছেন, কিন্তু আমার বিশ্বাস, বিএনপি-জামায়াত ছাড়া অন্য কোনো দলের সব নেতাদের নাম মির্জা ফকরুল ইসলাম আলমগীরও বলতে পারবেন না।” “প্রকৃত আন্দোলনের সময় ১৮ দলীয় জোটের এইসব নেতাদের ‘বাটি চালান’ করেও পাওয়া যাবে”, বলেন তিনি। আন্দোলন বাদ দিয়ে বিএনপিকে ‘খোলা মনে’ সংসদে আসার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এখনো সময় আছে, সংসদে আসুন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো ফর্মুলা থাকলে দিন। সংঘাত, নৈরাজ্যের রাজনীতি পরিহার করুন।” অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সতীশ চন্দ্র রায়, হাজি সেলিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৩৫৫ ঘ.