২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস উদ্ধারে ব্যর্থতায় সংসদীয় কমিটির ক্ষোভ

বিএনপি নেতার সন্ধান বের করতে পুলিশের ব্যর্থতায় ‘অযথা’ সরকারকে রাজনৈতিক ঝামেলায় পড়তে হচ্ছে, বলেছেন সংসদীয় কমিটির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ২৭ দিনেও বের না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় একটি কমিটি। সোমবার সংসদ ভবনে সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রমে অসন্তোষ শুনতে হয় তাকে। কমিটির সদস্য বিএনপির রাশেদা বেগম হীরা দলীয় নেতা ইলিয়াসের অন্তর্ধাণের বিষয়টি তোলেন। কমিটির সভাপতি আলী আশরাফ সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে এখনো উদ্ধার না করতে পারার ব্যর্থতা পুলিশের। পুলিশের ব্যর্থতার জন্য অযথা সরকারকে রাজনৈতিক ঝামেলায় পড়তে হচ্ছে। “আমি স্বরাষ্ট্র সচিবকে বলেছি, ইলিয়াস আলী কোথায়, তাকে খুঁজে বের করুন। আজ তাকে পাওয়া যাচ্ছে না; কাল আরেকজন হারিয়ে যাবেন। এভাবে চলতে পারে না,” বলেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাকে ‘গুম’ করা হয়েছে বলে বিএনপির দাবি। পুলিশের ভূমিকায় হতাশা প্রকাশ করে সংসদীয় কমিটির সভাপতি বলেন, “পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। মানুষের ধারণা, পুলিশ বিভাগ সম্পূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জিত। পুলিশকে এখান থেকে বেরিয়ে আসতে হবে।” গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও ইলিয়াস আলীর বিষয়টি আলোচনায় উঠেছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেননি। তবে প্রতিমন্ত্রী জানান, বিএনপি নেতাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২০০ ঘ.