২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী থাকলে বিচার হওয়া উচিত: রাজ্জাক

“একাত্তর সম্পর্কে ইমোশন থাকবে, এটাই স্বাভাবিক। একাত্তর সম্পর্কে ইমোশন না থাকাটা অস্বাভাবিক,” বলেছেন জামায়াত নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার পক্ষে শুনানিতে একাত্তরে যুদ্ধাপরাধে কেউ জড়িত থাকলে তার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রাজ্জাক। সোমবার শুনানিতে তিনি বলেন, “একাত্তর সম্পর্কে ইমোশন থাকবে, এটাই স্বাভাবিক। একাত্তর সম্পর্কে ইমোশন না থাকাটা অস্বাভাবিক। এদেশের ১৬ কোটি মানুষের মধ্যে যদি একজনও যুদ্ধাপরাধী থাকে; তাহলেও তার বিচার হওয়া উচিৎ।” “কিন্তু কোনো নিরাপরাধ মানুষকে ফাঁসানো ঠিক হবে না,” জামায়াত নেতা কাদের মোল্লাকে নির্দোষ দাবি করে বলেন ব্যারিস্টার রাজ্জাক। এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে অব্যাহতির আবেদনের শুনানি করেন একই দলের কেন্দ্রীয় নেতা রাজ্জাক। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, “এই অভিযোগের বিচার করা খুবই কঠিন কাজ। ১৯৪৫ সালের (দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর) পর ১৯৭৩ সালে এই ধরনের অভিযোগ এসেছে। তবে আমরা আশা করব, উপরে আল্লাহ এবং নিচে আপনারা (ট্রাইব্যুনাল), সর্বোচ্চ পেশাদারিত্বের মধ্যে থেকে বিচার কাজ করবেন।” তখন ট্রাইব্যুনাল বলে, অবশ্যই তারা তা করবেন। সোমবার কাদের মোল্লার অব্যাহতির শুনানি শেষ করেন রাজ্জাক। তিনি বলেন, জামায়াত নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে ‘অসঙ্গতি’ রয়েছে। রাজ্জাক বলেন, “যেসব ঘটনায় কাদের মোল্লাকে জড়িত দেখানো হয়েছে, এতে তাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি কীভাবে জড়িত, কাকে দিয়ে কাজটি করেছেন বা কে ঘটনাটি ঘটাল, তার উল্লেখ নেই।” “মহিলা কবির ঘটনার তারিখের গড়মিল রয়েছে। শাহরিয়ার কবিরের লেখা একটি বইতে এবং ভোরের কাগজ পত্রিকায় ওই ঘটনাটি অক্টোবর মাসে ঘটেছে বলে উল্লেখ আছে। কিন্তু অভিযোগপত্রে এ ঘটনাটি মার্চে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। “এখন তারা নতুন সাক্ষী হাজিরের চেষ্টা করছেন,” নতুন ছয় জন সাক্ষীকে আন্তর্ভুক্ত করতে প্রসিকিউশনের আবেদনের বিরোধিতা করে বলেন রাজ্জাক। আসামি পক্ষের শুনানি শেষে আগামী ১৬ মে প্রসিকিউশন বিভাগ এ বিষয়ে আইনগত যুক্তি তুলে ধরবেন। সাত দফা অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এরপর প্রসিকিউশনের আবেদনে গত ১৬ এপ্রিল মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালি নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারিরা তাকে সহায়তা করেন। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২১০৬ ঘ.