২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেউলিয়া, তাই খড়গ বিরোধীদের ওপর: ফখরুল

পুলিশের বাধায় সোমবার গণমিছিল করতে না পেরে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের কর্মসূচিতে বাধার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ হয়ে এভাবে ভিন্ন মতের ওপর খড়গহস্ত হচ্ছে। পুলিশের বাধায় সোমবার গণমিছিল করতে না পেরে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই কথা বলেন। এম ইলিয়াস আলীর সন্ধান, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। আগামী ১০ জুনের মধ্যে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে যোগ করার দাবি জানিয়ে তা না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন ফখরুল। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৪টায় গণমিছিল শুরুর কথা থাকলেও পুলিশ তাতে অনুমতি দেয়নি। এরপর সমাবেশের সিদ্ধান্ত নেয় ১৮ দলীয় জোট। দুপুর থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসে। জামায়াতে ইসলামীর কয়েকটি মিছিলও দেখা গেছে। ফকিরেরপুল থেকে কাকরাইলের স্কাউটস ভবন পর্যন্ত সড়কে কর্মীরা অবস্থান নেয়। সমাবেশে বক্তব্যের শুরুতেই ফখরুল বলেন, “নেত্রীর নির্দেশে গণমিছিলের পরিবর্তে আমরা আজ সমাবেশ করছি। কিন্তু সরকারে যেভাবে আন্দোলনকে দাবিয়ে রাখতে নির্যাতন, মিথ্যা মামলাসহ দমননীতির পথ বেছে নিয়েছে। তা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।” “বর্তমান সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই বিরোধী দলের রাজনীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে তারা,” বলেন তিনি। রোববার চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গণমিছিলে পুলিশের বাধার সমালোচনাও করেন বিএনপির মুখপাত্র। “প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে গণতান্ত্রিক কর্মসূচির পথ বন্ধ করবেন না, এর পরিণতি শুভ হবে না,” বলেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে ফখরুল বলেন, “১০ জুনের মধ্যে এই দাবি মেনে না নিলে সব গণতন্ত্রকামী মানুষকে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে। দেশের জনগণ জানে সরকারকে কীভাবে দাবি আদায়ে বাধ্য করা হয়।” ইলিয়াস আলীর সন্ধান এবং দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর শরফত আলী সপু, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। জোটের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মজিবর রহমান, হামিদুর রহমান আযাদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির শামীম আল মামুন, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২৫ ঘ.