ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অনুমতি না পাওয়ায় গণমিছিলের বদলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে ১৮ দলীয় জোট।
সোমবার বিকাল সোয়া ৪টায় মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৯ মে গণমিছিলের এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী বিকাল ৪টায় নয়া পল্টন থেকে গণমিছিল শুরুর কথা ছিল।
কিন্তু মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর পুলিশ শান্তি শৃঙ্খলার স্বার্থে গণমিছিল করার অনুমতি দেয়নি। তবে বিএনপি চাইলে সমাবেশ করতে পারবে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচি সামনে রেখে সকাল থেকেই নয়া পল্টন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
গণমিছিল উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর সবগুলো থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে থাকেন। বিকাল ৪টায় মিছিলের বদলে সেখানে শুরু হয় সামবেশ। নেতারা ট্রাকের ওপর বসে বক্তব্য দিতে শুরু করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতা ও ১৮ দলীয় জোটের নেতারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সমাবেশ শুরুর আগে মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের অনুমতি না পাওয়ায় আমরা গণমিছিল করছি না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব।”
এই সমাবেশের কারণে ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭০৫ ঘ.
bdnews24