ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গণমিছিল করার ঘোষণা দিলেও তাদের অনুমতি দেয়নি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান সোমবার দুপুরে জানিয়েছেন, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজধানীতে আজ গণমিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। রাজধানীর মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এটি করা হয়েছে।”
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, গণমিছিল শুরু হওয়ার কথা বিকাল ৪টায়। পুলিশের অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে গণমিছিলের আগে কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ হবে।
এদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। আমরা আশা করব, সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না, সহযোগিতা করবে।”
এর আগে গত ৩০ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ গণমিছিল করে বিএনপি, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যার নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে বিকালে জোটের এই কর্মসূচির পর রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটি ও রাত সাড়ে ১০টায় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল রাতে নিখোঁজ হওয়ার পর থেকে দলটি অভিযোগ করে আসছে, সরকারের লোকজনই তাকে ‘গুম’ করেছে। এই অভিযোগে গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতালও করেছে তারা।
২৯ এপ্রিল হরতালের সময় গাড়ি পোড়ানো এবং বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করে দুটি মামলা করেছে পুলিশ, যার একটিতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
জোট নেতারা আগাম জামিনের জন্য উচ্চ আদালতে গেলেও তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ওই দুই মামলার পর থেকেই বিএনপি আর হরতাল না দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/আরএ/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24