ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জরিপে প্রধানমন্ত্রীর প্রতি দেশের ৭৭ শতাংশ মানুষের আস্থা থাকার কথা বলা হলেও বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিভ্রান্ত করার জন্য এই জরিপ করা হয়েছে।
রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “কথিত জরিপের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যেকোনো সরকার তার মেয়াদের শেষ দিকে এরকম জরিপ করিয়ে জনগণকে বিভ্রান্ত করে। এই জরিপ বিশ্বাস করার কোনো কারণ নেই।’’
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ প্রতিষ্ঠন গ্যালাপ সম্প্রতি এক জরিপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের ৭৭ শতাংশ মানুষের আস্থা রয়েছে বলে উল্লেখ করে।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সোমবারের গণমিছিলে বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করেন। পাশাপাশি তিনি চট্টগ্রামসহ সারাদেশে রোববারের জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানান।
ফখরুল বলেন, “সোমবার ঢাকায় আমাদের গণমিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে তার দায় সরকারের ওপরই বর্তাবে।”
সোমবার বিকাল ৪টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই গণমিছিল শুরু হওয়ার কথা। ইলিয়াস আলীর সন্ধান, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে এই গণমিছিল কর্মসূচি দিয়েছে ১৮ দলীয় জোট।
‘দায় মুক্তিতে প্রতিবেদন’
সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে রেল মন্ত্রণালয়ে তদন্ত কমিটির প্রতিবেদনকে দায় মুক্তির প্রতিবেদন হিসেবে আখ্যায়িত করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির ঘটনার তদন্ত প্রতিবেদনে আমরা বিস্মিত হইনি। কারণ তিনি এখনো দপ্তরবিহীন মন্ত্রী রয়েছেন। তাই তার দুর্নীতির তদন্ত সরকারি কর্মকর্তাদের দিয়ে হবে- এটা বিশ্বাসযোগ্য নয়।”
‘
আদালতে যাবেন নেতারা’
হাইকোর্টের রায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, “হাইকোটের তৃতীয় বেঞ্চ নিু আদালতে যাওয়ার নিদের্শনা দিয়েছেন। আমরা বুধবার আইন অনুযায়ী সেখানে যাব। নিু আদালতে যে রায় হবে, তা আমরা মানব।”
মামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দলীয় সিদ্ধান্তে আত্মগোপন’
ফখরুল ইসলাম জানান, মিথ্যা মামলা দেওয়ার পর তারা দলের সিদ্ধান্ত অনুযায়ী গ্রেপ্তার এড়ানোর কৌশল নিয়েছিলেন। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
“দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা গ্রেপ্তার এড়ানোর কৌশল নিয়েছিলাম। কিন্তু আদালতে গিয়ে আইনের আশ্রয় নিতে গিয়েও সরকার পদে পদে বাধা দিয়ে তার হীনমন্যতার প্রকাশ করেছে,” যোগ করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, হারুন-আল রশীদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২২৪৪ ঘ.
bdnews24