২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনড় থাকলে আন্দোলনও চলবে: মওদুদ

সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলেই দেশে নৈরাজ্যকর ও সংঘাতময় পরিস্থিতির অবসান হতে পারে- বলেছেন এই বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রশ্নে সরকারকে সমঝোতায় আসার আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “সরকারকে বলব, যত শিগগিরই সম্ভব নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রশ্নে সমঝোতায় আসুন। দেশকে নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত করুন।” “বিএনপি সংঘাতে রাজনীতি চায় না। আমরা সমঝোতায় বিশ্বাস করি। তাই সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলেই দেশে নৈরাজ্যকর ও সংঘাতময় পরিস্থিতির অবসান হতে পারে,” যোগ করেন তিনি। দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকার ‘অনড়’ থাকলে চলমান আন্দোলন অব্যহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, “আন্দোলনের মাধ্যমে গণ দাবি পুরণে সরকারকে বাধ্য করা হবে।” জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) উদ্যোগে বিএনপিসহ ১৮ দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি হয়। একই দাবিতে সকাল থেকে জাতীয়তাবাদী মৎসজীবী দল, জাতীয়তাবাদী বাউল দল, জাতীয়তাবাদী মোটরচালক দল, জিয়া পরিষদ, আমরা ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলাবাসী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাগপা ছাত্রলীগ আলাদাভাবে মানববন্ধন করে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ দাবি করেন, নির্দলীয় সরকারের ধারণা কেবল গণ দাবিতেই পরিণত হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ও ঢাকা সফরে এসে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে গেছেন। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী বলেন, “সরকার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে। পুলিশকে তারা রাজনৈতিক কাজে ব্যবহার করছে।” হরতালের মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমার বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ। ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের মদদপুষ্টরা ইলিয়াস আলীকে গুম, সাংবাদিক সাগর-রুনি ও সৌদি কুটনীতিককে হত্যা করেছে। এজন্য এসব ঘটনার দোষীরা এখনো ধরা পড়েনি।” প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সংসদ সদস্য মোস্তফা আলী মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্য মানববন্ধনের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৪৮ ঘ.