সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৩ এপ্রিল হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে সেলিম মিয়া হত্যার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ২২০ জন নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে।
সেলিম আহমদের বাবা টেংরা গ্রামের সফিক মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।
মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ ১৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আদালত সফিকের অভিযোগটি আমলে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী হাসান আহমদ পাটওয়ারী রিপন।
মামলার এজাহারে সফিক বলেছেন, গত ২৩ এপ্রিল ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হরতালের দিন সেলিম আহমদ মিছিলে অংশ নিয়ে বিশ্বনাথ বাজারে আসার পথে মজম্মিল আলী, মিজানুর রহমান, বাবুল আক্তার, ফজর আলীর নেতৃত্বে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্রসহ মিছিলে হামলা চালায়।
“হামলার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা মিজান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সেলিম আহমদের বুকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ সেলিম মোহাম্মদিয়া মাদ্রাসা ফটকের সামনে মাটিতে পড়ে যায়।”
সেদিন পুলিশ সেলিমকে ওসমানী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার ১৭ দিন পর মামলার বিষয়ে এজাহারে বলা হয়েছে, ঘটনার পর বাদি বিশ্বনাথ থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি।
বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য ইলিয়াস গত ১৭ এপ্রিল নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দাবিতে গত ২৩ এপ্রিল বিএনপির ডাকা হরতালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে পিকেটারদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে তিন জন নিহত হন।
সংঘর্ষের পর ৮ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24