ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিতে সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ সিনিয়র নেতা ও ১৮ দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দিয়েছে। একটি মামলায় আজ অভিযোগপত্রও দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই।”
“সরকারের প্রতি আমাদের আহবান, অবিলম্বে এই মিথ্যা অভিযোগপত্র ও মামলা প্রত্যাহার করুন”, যোগ করেন তিনি।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে বিএনপির টানা হরতালের সময় গত ২৯ এপ্রিল বাসে আগুন দেওয়ার ঘটনায় তেজগাঁও থানায় এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা করে পুলিশ।
এর মধ্যে তেজগাঁও থানার মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে এতে।
এই মামলা জনগণ ‘বিশ্বাস করে না’- এমন মন্তব্য করে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে খন্দকার মোশাররফ বলেন, “সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে। এটা ধামাচাপা দিতেই মিথ্যা মামলা দিয়েছে।”
সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় আসামির তালিকায় খন্দকার মোশাররফের নামও রয়েছে।
এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ মামলায় জামিনে এবং আরেক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে রয়েছেন।
এ দুটি মামলা প্রত্যাহার এবং রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনও এই মানববন্ধনে বক্তব্য দেন।
‘শর্ত নির্দলীয় সরকার’
সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার পরেই সরকারকে এ সংলাপের উদ্যোগ নিতে হবে। সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ও প্রকৃতি নিয়ে আলোচনা করবে বিএনপি।
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচন কোনো দলীয় সরকার নয়, নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। বিদেশি মেহমান ও রাষ্ট্রদূতরাও এ দাবিকে সমর্থন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সপ্তাহে ঢাকা সফরের পর রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানান। সংলাপের কথা বুধবার বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতও।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বলেছেন, সংলাপ ‘হতেই হবে।’
খন্দকার মোশাররফ বলেন, “সরকারকে বিরোধী দলীয় নেতা ১০ জুন পর্যন্ত সময় দিয়েছেন। সরকার দাবি মেনে নিয়ে সংসদে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত নেবে বলেই আমরা আশা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24