২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আমীন বৃহস্পতিবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে হরতালের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। ওই রাতেই বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ। তবে অভিযোগপত্রে একজনের নাম বাদ দিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার নাম অন্তর্ভুক্ত করেছেন তদন্ত কর্মকর্তা। এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, হাবিব উন খান সোহেল, মীর শরফত আলী সুপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, হাবিবুর রশীদ হাবিব, আবদুল মতিন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১১৫০ ঘ.