ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিলেই বিএনপি সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, নির্দলীয় সরকারের বিষয়ে সরকারের সঙ্গে যে কোনো স্থানে আলোচনা কিংবা সংলাপ করতে আমরা প্রস্তুত আছি। তবে আগে তাদের বিষয়টি নীতিগতভাবে মেনে নেওয়ার ঘোষণা দিতে হবে।”
সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করার পর থেকেই বিএনপি তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সংসদে ফেরার শর্ত হিসাবেও এই দাবি ব্যবহার করে দলটি, যদিও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তাতে সাড়া দেয়নি।
গত শনিবার ঢাকা সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানানোর পর সংলাপের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও মঙ্গলবার এক অনুষ্ঠানে সরকারকে ‘সংঘর্ষের পথ’ পরিহার করে ‘সমঝোতায়’ আসার আহবান জানান। তবে তিনি বলেন, এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে এখন জরিপ চালানো হলে দেখা যাবে শতকারা ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। তাই সরকার যতো কৌশলই করুক, নির্দলীয় সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না।”
হরতালের মামলায় কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর পরিবারের খোঁজ খবর নিতে সকালে তার আদাবরের বাসায় যান মির্জা ফখরুল। এ সময় তিনি রিজভীর স্ত্রী আরজুমান্দ বানু আইভীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
হরতালের দুটি মামলায় গত ৩০ এপ্রিল রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মির্জা ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।
‘গান্ধী-মুজিবও আত্মগোপন করেছেন’
হরতালের মামলায় গ্রেপ্তার এড়াতে ‘আত্মগোপনে’ থাকার সিদ্ধান্ত ‘শতভাগ সঠিক’ ছিল বলে দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “যুগে যুগে রাজনৈতিক নেতারা সরকারের দমন পীড়নের বিরুদ্ধে, মিথ্যা মামলা ও হয়রানি মোকাবিলায় গ্রেপ্তার এড়ানোর কৌশল নিয়েছেন- এমন নজির অনেক রয়েছে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান পর্যন্ত অনেকেই বিভিন্ন সময়ে আত্মগোপন করেছেন। সুতরাং একে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।”
মির্জা ফখরুল দাবি করেন, হরতালে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় শাহবাগ ও তেজগাঁও থানার দুটি মামলাই ‘ভিত্তিহীন ও মিথ্যা’।
“৪১ বছরের ইতিহাসে এভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের প্র্রায় সবাইকে মামলা দিয়ে আসামি করার নজির নেই। মামলা দেওয়ার পর আদালতে জামিনের জন্য যেতে বাধা প্রদানের ঘটনাও অতীতে হয়নি।”
আইনি লড়াইয়ের মাধ্যমে এর মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24