ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দুই মামলায় জামিন চেয়ে এবার জজ আদালতে আবেদন করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ঢাকার মহানগর জজ মো. জহুরুল হকের আদালতে এই আবেদন করা হলে বিচারক আগামী ১৭ মে এর শুনানির দিন ঠিক করেন।
হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার এবং গাড়ি পোড়ানোয় তেজগাঁও থানার মামলায় রিজভীর পক্ষে আবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
রিজভীকে গত ৩০ এপ্রিল গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তার পক্ষে জামিন চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করে হাকিম আদালত। নাকচ করা হয় রিমান্ডের আবেদনও। বিএনপি নেতাকে পাঠানো হয় কারাগারে।
এদিকে তেজগাঁও থানার মামলায় গত বুধবার হাই কোর্ট থেকে জামিন পাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিননামা (বেইল বন্ড) দাখিল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯০৪ ঘ.
bdnews24