২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের হয়রানি না করার নির্দেশ

হরতালের মামলায় পুলিশের প্রতি হাই কোর্টের এই নির্দেশ হলেও বিএনপি নেতাদের জামিনের বিষয়ে একমত হতে পারেনি হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের জামিন আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট। তবে হয়রানি না করার নির্দেশ দেওয়ায় ‘আপাতত’ সময় পাচ্ছেন তারা। এক সপ্তাহ ‘আত্মগোপনে’ থাকার পর ফখরুল-খোকাসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা সোমবার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে জামিনের আবেদন নিয়ে হাজির হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানার মামলায় জামিন আবেদনের শুনানি শেষে দুই বিচারক দুই রকম আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পুলিশ প্রতিবেদন হওয়ার আগ পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন। কিন্তু বিচারপতি নজরুল ইসলাম তালুকদার আবেদনকারীদের সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জমিনের আবেদন করতে বলেন। এ পর্যায়ে বিএনপি নেতাদের আইনজীবী মওদুদ আহমদ বলেন, বেঞ্চ বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও পুলিশ এই সাত দিনে বিএনপি নেতাদের হয়রানি করতে পারে। এ বিষয়ে তিনি আদালতের নির্দেশনা চাইলে বেঞ্চ বলে, “বিষয়টি যেহেতু এখন তৃতীয় বেঞ্চে যাবে, সেহেতু আপনারা সাত দিন সময় পাচ্ছেন।” এই সময়ে বিএনপি নেতাদের হয়রানি না করার জন্যও আদেশ দেয় আদালত। হরতালের সময় সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলাতেও একই ধরনের বিভক্ত আদেশ দেন দুই বিচারক। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পুলিশ প্রতিবেদন হওয়ার আগ পর্যন্ত জামিন দিলেও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা দেয় পুলিশ। তেজগাঁও থানার মামলায় ৪৪ জন, এবং শাহবাগ থানার মামলায় ২৮ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। মামলা হওয়ার দিনই বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ গ্রেপ্তার করে। অন্য কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযান হলে তারা আত্মগোপনে যান। তাদের আগাম জামিনের জন্য গত সপ্তাহে হাই কোর্টে আবেদন হলেও একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে এবং আবেদনটি নিয়মিত কার্যতালিকায় আনার পরামর্শ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বুদ্ধ পূর্ণিমার ছুটির দিন রোববার বিকালে পুলিশের চোখ এড়িয়ে প্রায় ৪০ জনের মতো নেতাকর্মী জামিন নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তাদের রাত কাটে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনও ছিলেন। এছাড়া মির্জা ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও খন্দকার মোশাররফ হোসেন সোমবার দুপুরে হাই কোর্টে উপস্থিত হন। তাদের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ সকালে হাইকোর্টে জামিনের আবেদন জমা দেন। তার বক্তব্য শুনে আদালত এক আদেশে বলে, জামিন চাইতে সবারই আদালতে আসার অধিকার রয়েছে। সুতরায় বিএনপি নেতাদের আদালতে আসার ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। এরপর বিএনপি নেতারা আদালতে যান। জামিন আবেদনের শুনানি তেজগাও থানায় করা মামলার এজাহার পাঠ করে মওদুদ শুনানিতে বলেন, “হরতাল শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। আর গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে রাত ৯টা ৫মিনিটে। হরতাল শেষ হওয়ার পর কেন আবেদনকারীরা অগ্নিসংযোগ করতে যাবেন? “জামিন আবেদনকারীরা বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা। তাদের বিশাল কর্মীবাহিনী রয়েছে। কর্মীবাহিনী থাকতে নেতারা কেন এটা করতে যাবেন? তাই রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যেই মুখ দেখে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।” মওদুদ বলেন, মামলার এজাহারে ৬-৭টি মাইক্রোবাসে আগুনের কথা বলা হলেও কোথাও মাইক্রোবাসগুলোর নম্বর উল্লেখ নেই। জামিন আবেদনের বিরোধিতা করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, “এজাহারে আসামির কলামে তাদের নাম নেই। তবে অভিযোগের বর্ণনার মধ্যে তাদের নাম রয়েছে, তাই তারা আসামি নয়। তারা অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারী। এ কারণে তাদের জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিতে পারেন।” এ সময় আদালত তার কাছে জানতে চান, এজাহারের বর্ণনার মধ্যে নাম থাকলে কি আসামি বলা যাবে না? জবাবে এম কে রহমান বলেন, “এখনো চার্জশিট হয়নি। চার্জশিট না হলে বলা যাবে না।” এরপর মওদুদ বলেন, “আমাদের গ্রেপ্তার করার জন্যই তো এ মামলা করা হয়েছে। নিম্ন আদালতে কেন যাব?” এই মামলায় রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের নজির তুলে তিনি বলেন, নিম্ন আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু জামিন দেওয়া হয়নি। এরপর জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করে আদেশ দেন। এরপর কনিষ্ঠ বিচারপতি পৃথকভাবে আদেশ দেওয়া শুরু করেন। তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন কনিষ্ঠ বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, “গত সাতদিন কী হয়েছে, তা আপনারা হয়তো জানেন। আমি কাল সারারাত কোর্টে ছিলাম। এ মামলা নিয়ে দেশে কী পরিস্থিতি হয়েছে, তা আপনাকে বিবেচনা করতে হবে।” “ইদানিং হাই কোর্টে দ্বিধাবিভক্ত আদেশের রেওয়াজ শুরু হয়েছে। এতে বিচারপ্রার্থীদের মনে খারাপ সঙ্কেত যাচ্ছে। আপনি নিজেও একজন ভাল আইনজীবী ছিলেন,” বলেন তিনি। জামিন না হলে বিএনপি নেতারা গ্রেপ্তারের ঝুঁকিতে পড়বেন দাবি করে বার সভাপতি বলেন, “আদালত অন্য কোনো আদেশ দিলে আবেদনকারীরা আদালত থেকে বের হলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে। তখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে, যা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অন্তত আমকে বিপদে ফেলবেন না। তাই জামিন আবেদন বিবেচনা করতে পারেন।” এ পর্যায়ে বিচারক বলেন, “আমি কী আদেশ দিচ্ছি তা আগে দেখুন।” এরপর তিনি আত্মসমর্পণের আদেশ দেন। এ আদেশের পর ব্যারিস্টার মওদুদ শাহবাগ থানায় দায়ের করা মামলা উপস্থাপন করেন। আদালত এ মামলায়ও একই আদেশ দেন। এরপর মওদুদ বলেন, “এ আদেশের পরে কি বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে?” তখন জ্যেষ্ঠ বিচারপতি বলেন, “হ্যাঁ।” আদালত পরিস্থিতি বিএনপি নেতাদের উপস্থিতি এবং তাদের জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে সোমবার ব্যাপক নিরাপত্তা ছিল হাই কোর্টে। সুপ্রিম কোর্টে ঢোকার প্রতিটি ফটকে তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই বিএনপি এবং এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী আদালতপাড়ায় জড়ো হন। বেলা ২টার আগে থেকেই সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হন বিএনপি নেতা ও তাদের আইনজীবীরা। এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ পরিস্থিতিতে শুনানি করা সম্ভব নয়। আদালত তার সঙ্গে একমত হয়ে মামলা সংশ্লিষ্ট ছাড়া বাকিদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে বেলা ২টা ২০ মিনিটে শুনানি শুরু হয়, তা বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলে। আদালতের আদেশের পর বিএনপি ও তাদের শরিক দলের নেতারা বের হয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সমর্থকদের কেউ কেউ ফুল দিয়েও নেতাদের অভিনন্দন জানান। এরপর প্রত্যেক নেতারা যার যার মতো করে গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/০১০৫ ঘ.