২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দমন-পীড়ন চালাচ্ছে: নজরুল

সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে নজরুল ইসলাম খান বলেন, “সরকার গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাতন্ত্রের মতো দেশ চালাচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গুম ও মিথ্যা মামলা দিচ্ছে। সরকারকে বলতে চাই, এই পথ থেকে সরে আসুন। আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য করবেন না।” জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন হয়। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার জন্য কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, “সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এর পরিণতি শুভ হবে না।’’ মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহানগর সভাপতি রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ বক্তব্য রাখেন। একই স্থানে অপর মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে দেশের মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সরকার পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করেছে এবং নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।” যুব জাগপার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বক্তব্য রাখেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ৯০ এর সর্বদলীয় ছাত্রঐক্যের বিক্ষোভ সমাবেশে নেতারা সরকারের দমন নির্যাতনের কঠোর সমালোচনা করেন। খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মনি, আসাদুজ্জামান আসাদ, শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, রফিক শিকদার প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫০৯ ঘ.