২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল হাসানকে সাংসদ ঘোষণার গেজেট আসছে

আদালতের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল-৫ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল এবং বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল-৫ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল এবং বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “আদালতের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা।” ঋণ ও বিল খেলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছর আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে আদালত। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসনকে বিজয়ী ঘোষণারও নির্দেশ দেওয়া হয়। ইসি কর্মকর্তারা জানান, সোমবার বিকালে বা মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। ইসি সচিব মো. সাদিক বলেন, “সিইসির কাছ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলেই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ করা হলেই গণমাধ্যমকে জানানো হবে।” ২০০৯ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাইকোর্টে আবেদন করেন। এতে বলা হয়, জেলা রিটার্নিং অফিসার আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা খেলাপি ঋণ রয়েছে। ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। কাশেম এর বিরুদ্ধে আপিল করলে গত ১৪ ফেব্র“য়ারি তা খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আদেশের ৭ দিনের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলা হয়। গত ২৯ এপ্রিল ইসি আপিল বিভাগের আদেশের কপি হাতে পাওয়ার পর গেজেট জারির উদ্যোগ নেয়। ইসি কর্মকর্তারা জানান, আবুল কাশেমের বদলে মাহমুদুল হাসানকে নির্বাচিত উল্লেখ করে তার পুরো ঠিকানা গেজেটে উল্লেখ করা হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকেও অনুরোধ জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫০৪ ঘ.