ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় বোমা বিস্ফেরণ ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির শীর্ষ নেতাদের আগাম জামিনের জন্য আবারো হাইকোর্টে আবেদন করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাদের পক্ষে দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ জামিনের আবেদন করেন।
দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে জানান তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমদ সকাল ১০টা ৩৫ মিনিটে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে উপস্থিত হয়ে বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন জমা দিলে আদালত জানতে চান, তারা সিনিয়র বেঞ্চে (জামিনের এখতিয়ার সম্পন্ন জ্যেষ্ঠ বিচারপতিদের বেঞ্চে) কেন যাননি।
মওদুদ বলেন, সিনিয়র বেঞ্চে একজন বিচারক বিব্রত বোধ করেছেন। অপর বেঞ্চের এক বিচারপতি ছুটিতে আছেন।
আবেদনকারী কতজন- আদালত তা জানতে চাইলে মওদুদ বলেন, এক মামলায় আসামি ৪৪ জন, অন্য মামলায় ২৮জন। তারা সবাই জামিন চান। কেউ কেউ এসেছেন। কেউ কেউ আসতে পারছেন না। তারা বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত অনুমতি দিলে তারা আসবেন।
এ সময় আদালত বলে, প্রত্যেক নাগরিকের আদালতে এসে জামিন চাওয়ার অধিকার রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলমকে ডেকে বিএনপি নেতাদের আদালতে আসার ব্যবস্থা করতেও আদেশ দেয় আদালত। পরে ২টায় শুনানি সময় নির্ধারণ করা হয়।
গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা দেয় পুলিশ।
এরপর বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার এবং কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযান হলে অন্য নেতারা আত্মগোপন করেন। তাদের আগাম জামিনের আবেদন হাই কোর্টে দেওয়া হলেও একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে। বিএনপি নেতাদের আইনজীবীদের ওই আবেদন নিয়মিত কার্যতালিকায় আনার পরামর্শ দেওয়া হয়।
প্রায় এক সপ্তাহ ধরে আত্মগোপনে থাকার পর এর আসামি বিএনপির জ্যেষ্ঠ নেতারা বুদ্ধ পূর্ণিমার বন্ধের দিন রোববার বিকালে পুলিশের চোখ এড়িয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তাদের রাত কাটে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে। এই সমিতির সভাপতিসহ বেশ কয়েকটি পদে বিএনপি সমর্থিতরা রয়েছেন।
বিএনপি অভিযোগ করে আসছিল, মামলার পর হাই কোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে ফখরুলসহ নেতারা জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যেতে পারছিলেন না।
গত কয়েকদিনে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা থাকলেও হিলারি ক্লিনটন ও প্রণব মুখোপাধ্যায়ের মতো ভিভিআইপিদের ঢাকা সফরের সময় তাতে ঢিলেঢালাভাব দেখা যায়। এই সুযোগই বিএনপি নেতারা ব্যবহার করেছেন বলে এক পুলিশ কর্মকর্তা বলেন।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/এসইউ/জেকে/১২৫৫ ঘ.
bdnews24