২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের শঙ্কায় ফারুক

দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে নিউ ইয়র্কে বিএনপির এক সমাবেশে শঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় প্রধান হইপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে নিউ ইয়র্কে বিএনপির এক সমাবেশে শঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় প্রধান হইপ জয়নুল আবদিন ফারুক। তবে শঙ্কা প্রকাশের পরও তিনি জানিয়েছেন, মঙ্গলবার দেশে ফিরছেন তিনি। শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউ ইয়র্কে এক সমাবেশে ফারুক বলেন, “মঙ্গলবার দেশে ফিরব। এয়ারপোর্ট থেকেই হয়ত আমাকে গ্রেপ্তার করা হবে।” “কিন্তু এক জয়নুল আবদিন ফারুককে গ্রেপ্তার কিংবা এক ইলিয়াস আলীকে গুম করে ফুঁসে ওঠা আন্দোলন দমানো যাবে না। কোটি কোটি ফারুক এবং ইলিয়াস রয়েছেন রাজপথে,” সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণে ঘটনায় পুলিশের মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আসামি। গত বছর এক হরতালে পুলিশের লাঠিপেটায় আহত ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন। চিকিৎসার প্রয়োজনেই এবার তার যুক্তরাষ্ট্রে আসা বলে জানিয়েছেন তিনি। ফারুক জানান, জুলাইয়ে আবার তাকে যুক্তরাষ্ট্রে আসতে হবে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “বাংলাদেশ আজ বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে। দেশে কোনো সংবিধান নেই। নিজেদের স্বার্থে সংবিধানকে তছনছ করা হয়েছে। দেশের সরকার আছে বলে মনে করেন না সচেতন নাগরিকেরা।” “একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিরোধী দলকে কোনঠাসা করার চেষ্টা চলছে,” বলেন তিনি। ইলিয়াস আলীকে ‘গুম’ এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিউ ইয়র্কে ওই সমাবেশে ফারুক বলেন, “রোববার থেকেই বাংলাদেশে আন্দোলন শুরু হবে। ইলিয়াসকে ফেরত না দেওয়া হলে সরকারকে বুঝিয়ে দেওয়া হবে আন্দোলন কত প্রকার ও কী কী।” নিউইয়র্ক সিটি বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাহফুজুল মাওলা নান্নু এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৯ ঘ.