২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের কথা বললেন হিলারি

পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

শেখ শাহরিয়ার জামান জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন। শনিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীপু মনির সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন হিলারি। দুদিনের সফরে শনিবার বিকালেই ঢাকায় পৌঁছান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে ঢাকায় এলেন হিলারি। যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শুধু সরকারি দল নয়, আমি আমি সব দলের প্রতিই আহ্বান জানাচ্ছি, আপনারা গণতন্ত্র এগিয়ে নিতে এবং আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রয়োজনীয় সব কিছু করবেন।” পররাষ্ট্রমন্ত্রীর আগে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে কজন কর্মকর্তা ঢাকা সফরে এসেছিলেন, তারা সবাই রাজনৈতিক সংলাপের ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে হিলারির পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যান গত ৬ এপ্রিল ঢাকা সফরে এসে বলেছিলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান- একটি জায়গায় বসুন এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেসব মডেল কার্যকর আছে সেগুলো নিয়ে আলোচনা করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি প্রক্রিয়া ও পদ্ধতি খুঁজে বের করুন।” দ্বিপক্ষীয় বৈঠকে ইলিয়াসের অন্তর্ধাণ এবং পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের খুন হওয়ার ঘটনাটিও তোলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি। হরতালের কর্মসূচির বিপক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করে হিলারি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে এতে আন্তর্জাতিক সম্প্রদায় ভুল সঙ্কেত পায়। ইলিয়াসের সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিন হরতাল ডাকে বিএনপি। এর ফলে ব্যবসায়ী মহল উদ্বেগ প্রকাশ করে আসছে। গত হরতালে পাঁচ ব্যক্তির মৃত্যু এবং নিু আয়ের মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন হিলারি। হিলারি জানান, বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতৈক্য হওয়া প্রয়োজন। “আমরা এর বেশি কিছু চাই না,” বলেন তিনি। আইনের শাসন এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় প্রয়োজনে কঠোর হওয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানান হিলারি। অবস্থানগত কারণে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বও তুলে ধরেন তিনি। নিরাপত্তার ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ চায় না, বাংলাদেশ কোনোভাবে সন্ত্রাসীর চারণভূমি হয়ে উঠুক। সন্ত্রাসের প্রতি ন্যূনতম ছাড় না দেওয়ার বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ স্বচ্ছতার ভিত্তিতে শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন। নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরকার অব্যাহতি দিলে তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ইউনূসের সঙ্গে পারিবারিক বন্ধুত্ব রয়েছে হিলারির। ইউনূসের আমন্ত্রণে এর আগে বাংলাদেশ সফরেও এসেছিলেন হিলারি, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেননি। গ্রামীণ ব্যাংকে স্থিতিশীলতার ওপর জোর দিয়ে হিলারি বলেন, এই প্রতিষ্ঠানটির সঙ্গে লাখ লাখ নারীর ভাগ্য যুক্ত, তাই তিনি চান ব্যাংটির অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সমুদ্র সীমা প্রসঙ্গ সাগরের সম্পদ আহরণে বিনিয়োগের সুরক্ষা দুই দেশের সহযোগিতার ক্ষেত্র হতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় এখন বাংলাদেশ সমুদ্রসম্পদ আহরণ করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকোফিলিপস বঙ্গোপসাগরে দুটি ব্লকে খনিক অনুসন্ধানে কাজ করছে। আরো ছয় টি ব্লকে কাজ করার প্রস্তাবও দিয়েছে তারা। অন্যান্য প্রসঙ্গ মিয়ানমারে রাজনৈতিক সংস্কার রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন হিলারি ক্লিনটন। তিনি আরো বলেন, ওয়াশিংটন ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্র আরো প্রসারিত করতে চায়। জলবায়ু ক্ষতি কাটিয়ে তোলার তহবিলে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৩ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন হিলারি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন তহবিল থেকে অর্থ পাওয়া এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়টিও আলোচনায় তোলা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর শেখ হাসিনার সঙ্গে দেখা করেন হিলারি। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের যৌথ ঘোষণায় সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও হিলারি। এরপর রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। চীন থেকে আসা হিলারি ঢাকা সফরের পর রোববার বিকালে ভারত যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২৩৫০ ঘ.