ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের গতি মামলায় থামবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
তিনি বলেছেন, “মামলা দেওয়ার অপকৌশলে কোনো কাজ হবে না। আন্দোলনের গতিপথ এতে রোধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।”
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত দুই সপ্তাহে পাঁচদিন হরতাল করে।
ওই হরতালে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরপর গ্রেপ্তার এড়াতে ওই নেতারা আত্মগোপন করেছেন।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “সরকার ভেবেছে, মামলা দিয়ে নেতাদের বন্দি করলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে। এজন্য তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটিয়ে আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা সাজিয়েছে। আদালতকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যাতে নেতারা যেতে না পারেন।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি পুনরায় তুলে ধরে তিনি বলেন, “এই আন্দোলন এখন বিএনপির হাতে নেই। জনগণের মধ্যে ছড়িয়ে গেছে।”
জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে মে দিবস উপলক্ষে ওই আলোচনা সভায় হরতাল নিষিদ্ধে ব্যবসায়ীদের দাবিরও সমালোচনা করেন মওদুদ।
সাবেক আইনমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের একটি রায় আছে- হরতাল দেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। আদালতের এই রায় আইন হিসেবে পরিগণিত। তাই সংবিধান যত দিন থাকবে, ততদিন হরতালও থাকবে।”
বিরোধী দল হিসেবে গত সাড়ে তিন বছরে বিএনপি ১৩ দিন হরতাল করেছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “অথচ আওয়ামী লীগ ওই সময়ে বিরোধী দলে থাকাকালে ৯৭ দিন হরতাল করেছে।”
জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা নুরউদ্দিন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় মওদুদ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া, শামীমুর রহমান শামীম, নবীউল্লাহ নবী, আবদুল মতিন প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস এর উদ্যোগে মানববন্ধন হয়। এতে মওদুদ ছাড়াও অংশ নেন সেলিমা রহমান, আসাদুল হাবিব দুুলু, গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক প্রমুখ।
একই স্থানে একই দাবিতে ‘আমরা বাংলাদেশি’র উদ্যোগে আরেকটি মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “মামলা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24