ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গ্রেপ্তারের ভয়ে নয়, সরকারের মিথ্যা মামলার বিরুদ্ধে ‘রাজনৈতিক কৌশল’ হিসাবেই ‘আত্মগোপনে’ আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
দলের সিদ্ধান্ত অনুযায়ী আত্মগোপনে থেকে জ্যেষ্ঠ নেতারা আন্দোলনকে সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার বিকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করতে সরকার বিরাট নীল নকশা করেছে। আদালতকে পর্যন্ত তারা কয়েকদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে।”
“এমনভাবে প্রচার চালানো হচ্ছে যেন গ্রেপ্তারের ভয়ে আমাদের নেতার পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু বিষয়টি সে রকম নয়। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নেতারা সরে আছেন মাত্র”, দাবি করেন নজরুল।
তিনি জানান, আন্দোলনের এই সময়ে গ্রেপ্তার হলে তা দলের জন্য ক্ষতিকর হবে মনে করেই এই ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ হয়েছে।
এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে গত সপ্তাহে বিএনপির ডাকে হরতালের সময় সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় আরেকটি মামলায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়।
এ দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরেক যুগ্মমহাসচিব ও আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তবে হাইকোর্টোর একটি বেঞ্জ বিএনপির অন্য নেতাদের জামিন আবেদন শুনতে বিব্রত বোধ করায় মির্জা ফখরুলসহ বাকিরা ‘আত্মগোপনে’ রয়েছেন গত সোমবার থেকে।
কারাবন্দি রিজভীর মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট ফোরাম শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে।
এতে অংশ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মত সংরক্ষিত এলাকায় ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুনের সঙ্গে সরকারই জড়িত। হয়রানি করার জন্য বিএনপি শীর্ষ নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে। এ রকম সংরক্ষিত স্থানে এ জাতীয় ঘটনা সরকারেরই ব্যর্থতা।”
তিনি বলেন, “মামলা দিয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে ফেরত দিতে বাধ্য কারা হবে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ মার্চ মধ্যরাত থেকে নিখোঁজ। বিএনপির দাবি, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ‘গুম’ করেছে, যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, হারুন অর রশীদ, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু মানববন্ধনে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৫ ঘ.
bdnews24