ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ এবং কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ জানান, ৭ মে সারাদেশে এবং ৮ মে জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশ হবে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সরকার ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনা থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকারি এজেন্টের মাধ্যমে সচিবালয়ে বোমা মেরে তার দোষ চাপিয়েছে বিএনপির ওপর।”
তিনি অভিযোগ করেন সারাদেশে ৫ হাজার যুবদল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কারাগারে আটক রয়েছে যুবদলের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এই দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করেছে পুলিশ।
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে দলের সহসভাপতি অ্যালবার্ট পি কস্টা, মুনীরুজ্জামান মুনীর, গিয়াস উদ্দিন খোকন, আবদুল বারী ডিনা, সেলিমুজ্জামান সেলিম, ফজলুর রহমান, কে এম আই খলিল, মীর আলী নেওয়াজ, মো. আলী আকবর চুন্নু, মাহবুবুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২৩৬ ঘ.
bdnews24