ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার সংবর্ধনা দেবে ছাত্রলীগ।
১৭ মে দুপুর ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হবে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
সমুদ্রজয়ের জন্য এর আগে যুব সংগ্রাম পরিষদ ও নাগরিক কমিটি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে এটাই সবচেয়ে বড় বিজয়। তাই ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, “এই দিনটি (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাই দিনটির তাৎপর্য এবং সমুদ্র বিজয়ের কথা ছাত্রদের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৬১৫ ঘ.
bdnews24