ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের জামিন আবেদনের শুনানি হবে খোন্দকার মূসা খালেদের একক বেঞ্চে।
বৃহস্পতিবার দুপুরে মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান বিচারপতি শুনানির জন্য এটি তৃতীয় বেঞ্চে পাঠিয়েছেন। তবে কখন শুনানি হবে, তা এখনো বলতে পারছি না।”
হরতালে তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন খোকন। শুনানি শেষে আদালত দ্বিধাবিভক্ত আদেশ দেয়।
এরপর এটি নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি কাছে যায়। সেখান থেকে এই তৃতীয় বেঞ্চ গঠন করে দেওয়া হয়।
বুধবার আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।
শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক আনোয়ার উল হক আসামিকে আগামী ৯ মে পর্যন্ত জামিন দিয়ে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারক ওই আবেদন খারিজ করে দেন।
হরতালে গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় খোকন ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে। একই দিনে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায়ও তারা আসামি।
এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের আবেদন নিয়ে বুধবার হাই কোর্টে গিয়েছিলেন বিএনপির আইনজীবীরা। হাই কোর্টের একটি বেঞ্চ শুনানিতে বিব্রত বোধ করেন। এরপর তারা অন্য একটি বেঞ্চে গেলেও ‘শোনার এখতিয়ার নেই’ বলে সেখানেও তাদের ফিরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৪২ ঘ.
bdnews24