গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও বিরোধী দলের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায়। কাঙ্ক্ষিত সেই পরিবর্তন আনতে পারে জাতীয় পার্টি।
মে দিবসে মঙ্গলবার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশে তিনি বলেন, “সরকার মানুষের নিরাপত্তা দিতে না পারায় ব্যর্থ।
“অন্যদিকে এক ইলিয়াসের জন্য বিএনপি দেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করে হরতাল দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কী ইলিয়াসকে গুম করেছে?”
জাপা চেয়ারম্যান বলেন, “জনগণ বুঝতে পারছে, দুই দলই ফাউল খেলছে। তাদের জন্য দেশবাসীকে মাশুল গুনতে হচ্ছে।”
সমাবেশে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বলেন, “দেশে খুন-গুমের রাজনীতি চলছে। মানুষ এখন তৃতীয় বিকল্প শক্তি চায়।”
সামরিক শাসক এরশাদের শাসনামলকে ‘স্বর্ণযুগ’ আখ্যায়িত করে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “এরশাদ ক্ষমতায় না গেলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।”
শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোলাম হাবিব দুলাল, অভিনেতা সোহেল রানা, কাজী মাহমুদ হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২২৪৫ ঘ.
bdnews24