ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় ছয় মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা হলেও তা নিয়ে বিভেদ দেখা দিয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি ১৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পাল্টা আরেকটি কমিটি গঠন করে সে তালিকা সাংবাদিকদের দিয়েছেন।
সবার সঙ্গে আলোচনা করেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান জানালেও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ দাবি করেছেন, তার অগোচরেই কমিটি হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অনুমোদন সাপেক্ষে এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে পূর্ণাঙ্গ কমিটি (ঢাবি শাখার) ঘোষণা করা হয়েছে।”
কমিটিতে রবিউল ইসলাম লিটনকে প্রথম সহ-সভাপতি, সঞ্জয় কুমার মুখার্জিকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, আপেল মাহমুদ সবুজকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এই কমিটি নিয়ে আপত্তি তুলে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ ৭০ সদস্যের একটি কমিটির তালিকা গণমাধ্যম কার্যালয়গুলোতে ফ্যাক্সে পাঠান। ওই ৭০ জনের মধ্যে অধিকাংশের নাম কেন্দ্র ঘোষিত কমিটিতে রয়েছে।
শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই (কেন্দ্রঘোষিত) কমিটির বিষয়ে আমি কিছু জানি না, আমাদের কিছু জানানো হয়নি।”
“আমি ও সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করব, কিন্তু আমাদের না জানিয়েই এ কমিটি করা হয়েছে,” বলেন তিনি।
২০১০ সালের ১১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনেই মেহেদী হাসান মোল্লা ও ওমর শরীফকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
কেন্দ্র ঘোষিত কমিটি মানেন কি না- প্রশ্ন করা হলে শরীফ বলেন, “আমি যা জানি না, তা মানার প্রশ্ন আসে কী করে?”
এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র মেনেই এ কমিটি গঠন করা হয়েছে। কেউ না মানলে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
“তবে কেউ সংগঠনের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
নাজমুল বলেন, “ছাত্রলীগের জন্য ঢাবি শাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব জেলা শাখার মতোই আমাদের কাছে প্রথমে তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে এ কমিটি দেওয়া হয়েছে।”
বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৫ ঘ.
bdnews24