২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে চাইলে সহযোগিতা করুন: হানিফ

‘নিখোঁজ’ নেতা ইলিয়াসকে পেতে চাইলে বিএনপিকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ নেতা ইলিয়াসকে পেতে চাইলে বিএনপিকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। ইলিয়াসের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করে কয়েকটি দৈনিকের খবর প্রকাশ, দিনভর গুজব ও তার স্বজনদের সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ এক জনসভায় এ কথা বলেন। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকার উৎখাতের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাকে (ইলিয়াস আলী) খুঁজে পেতে চাইলে সরকারকে সহায়তা করুন।” ওই জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “জ্বালাও-পোড়াও যারা করবে, তাদের আইনের আওতায় নিয়ে যা যা করার, তা তা করা হবে।” বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “মামলা হয়েছে, বিচার হবে। বড় নেতা বলে ছাড় পাওয়ার কথা চিন্তাও করবেন না। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।” ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভীসহ বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। এরপর সোমবার সকালে ফখরুলসহ কয়েকজন নেতার বাড়িতেও অভিযানও চালানো হয়। মামলা দুটি দুরভিসন্ধিমূলক বলে বিএনপির দাবি। অন্যদিকে সরকারি দলের নেতারা ওই দুটি ঘটনা সরকার উৎখাতে বিএনপির পরিকল্পনার অংশ বলে দাবি করছেন। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, “ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য বিরোধী দল কোনো রকম সহায়তা না করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।” “আপনারা কঠোর হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কঠোর হবে। আমরাও আরো কঠোর হব। মানুষ খুনের জন্য, অচলাবস্থা সৃষ্টির জন্য বিচার হবে,” বলেন আইন প্রতিমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংগঠনের নেতা-কর্মীদের ‘চুপ করে বসে না থাকার’ আহ্বান জানিয়ে বলেন, “ইলিয়াস আলী কোথায় আছে, তা বিরোধীদলীয় নেতা জানেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তিনি (খালেদা জিয়া) ইলিয়াস আলীকে নিয়ে সন্ত্রাসে মেতে উঠেছেন।” ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এই সমাবেশে আরো বক্তব্য রাখেন ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, আওলাদ হোসেন, আসাদুজ্জামান খান কামাল, শাহে আলম মুরাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩০ ঘ.