২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে ২৭ জন গ্রেপ্তার

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা টানা দুই দিনের হরতালে রাজধানীতে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা টানা দুই দিনের হরতালে রাজধানীতে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সেন্টার) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, “হরতালের দ্বিতীয় দিনে পল্টন থানা এলাকা থেকে ২ জন, মিরপুর ৫, রমনা ২ ও সূত্রাপুর থেকে এক জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালে অরাজকতা সৃষ্টি করায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।” এর আগে হরতালের প্রথম দিনে রাজধানী থেকে একই অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করলেও কাউকে কোন ধরনের সাজা দেওয়া হয়নি বলে জানান মাসুদুর রহমান। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবারের হরতালে রাজধানীতে ১৪টি বোমার বিস্ফোরণ হয়েছে। আগুন দেওয়া হয় একটি গাড়িতে। রোববারের হরতালে মোট ৪টি গাড়ি ভাঙচুর ও ১৪টি বোমা বিস্ফোরিত হয়েছিল। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। বনানীতে ইলিয়াসের বাড়ির কাছে একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও এখনও পযর্ন্ত তাদের সন্ধান মেলেনি। এ ঘটনার প্রতিবাদে গত রোববার, সোমবার ও মঙ্গলবার হরতাল পালন করে বিএনপি। চার দিনের বিরতির পর শনিবার বিকালে আবার নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান চেয়ে রোব ও সোমবার দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৫৪ ঘ.