২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত দুই যুবককে উদ্ধার, আটক ৪

তিন দিন আগে নগরীর চান্দগাঁও এলাকা থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকেও আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন আগে নগরীর চান্দগাঁও এলাকা থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া থানার মাখন চন্দ্র দাসের ছেলে দীপক চন্দ্র দাস এবং একই এলাকার হাজী মফিজুল আলমের ছেলে মো. আলাউদ্দিন। র‌্যাব-৭ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে এই দুই জনকে অপহরণ করা হয়। অপরহরণকারীরা ওই দুই জনকে অজ্ঞান করে মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে তাদের স্বজনদের কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবি অনুযায়ী তারা মুক্তিপণের টাকা কুরিয়ারের মাধ্যমে পাঠালে ২৮ এপ্রিল অপহরণকারীরা তা তুলেও নেয়। পরবর্তীতে তারা আরো ৩৩ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি র‌্যাবকে অবহিত করেন অপহৃতদের স্বজনরা। র‌্যাবের কৌশল অনুযায়ী রোববার কাজীর দেউরি এলাকার এস এ পরিবহনে পাঠানো টাকা তুলতে এসে আটক হন দুই জন। তারা হলেন- নোয়াখালীর সুধারাম থানার আব্দুর রহিমের ছেলে রাশেদ উদ্দিন (২০), চট্টগ্রামের রাউজানের সাবের আহাম্মেদের ছেলে মো. জনি (২৫)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কালুরঘাট ভারি শিল্প এলাকায় অবস্থিত আজিজ গার্মেন্টসের সামনে একটি টেলিফোনের দোকান থেকে চান্দগাঁও থানা এলাকার মো. আনিস (২৬) এবং একই এলাকার আব্দুর রহমানকে (২৩) আটক করা হয়। ওই এলাকা থেকেই অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৯১২ ঘ.