ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছে বিএনপি।
রোববারের হরতালের ঘটনায় মামলার পর সোমবার এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তারা (সরকার) দিশেহারা হয়ে দুরভিসন্ধিমূলকভাবে এসব মামলা করেছে।”
হরতালে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভীসহ বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলা দুটি প্রত্যাহারের দাবি জানিয়ে মওদুদ বলেন, “অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এই দুই মামলায় বিএনপি নেতাদের আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন মওদুদ।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোন্দকার মাহবুব হোসেন, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
মওদুদ বলেন, “গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় দেশের বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা কখনো জড়িত থাকতে পারেন না, তারা জড়িত ছিলেনও না।”
“মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমরা এরকম মিথ্যা ও ভিত্তিহীন মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ করে সুপ্রিম কোর্ট যাচ্ছি,” বলেন সাবেক আইনমন্ত্রী।
মামলার অন্য উদ্দেশ্য রয়েছে দাবি করে তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে গুম করা হয়েছে। এখন এ নিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে এই দুটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
এই মামলাকে বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন মওদুদ।
ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল কোথায় আছেন- জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ নয়া পল্টনের কার্যালয় ঘিরে রেখেছে বলে মহাসচিব সেখানে যেতে পারেননি বলে আমরা জানি।”
আগের সব হরতালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ফখরুল অবস্থান নিলেও মামলার পর সোমবার তাকে নয়া পল্টনে দেখা যায়নি। ভোরে উত্তরায় তার বাড়িতে পুলিশ তল্লাশি চালালেও তাকে বাড়িতে ছিলেন না।
বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশিরও নিন্দা জানান মওদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪০ ঘ.
bdnews24