ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এই সপ্তাহে দুই দিন হরতালের পর বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।
বুধবার বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সোমবার হরতাল শেষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
ইলিয়াসের সন্ধান দাবির পাশাপাশি হরতালে রোববারের গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।
বুধবার কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ হবে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবার দুই দিন সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় দফা হরতালের পর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ। মামলার আসামি ফখরুলসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সোমবার দলীয় কার্যালয়ে দেখা যায়নি।
রিজভী বলেন, “ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার চলমান আন্দোলনকে স্তব্ধ করতে ১৮ দলীয় জোটের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নতুন অপকৌশল নিয়েছে সরকার।”
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার ‘গুম’ করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
মামলার পেছনে সরকারের দুরভিসন্ধি রয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, “রোববারে সচিবালয়ের সামনে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনা দুটি সরকারের লোকজনই করেছে।”
হরতালের দুই মামলায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এমআই/১৯০৫ ঘ.
bdnews24