ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিন সংসদ ভবন প্রাঙ্গণে মিছিল করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে সোমবার দুপুরে মিছিলটি শুরু হয়।
প্রায় একই সময়ে সংসদভবন গেটের সামনে মানিক মিয়া এভিনিউয়ের প্রধান সড়কে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি ও অপু উকিলের নেতৃত্বে সমাবেশ শুরু করে যুব মহিলা লীগ।
বিএনপি সাংসদরা মিছিল নিয়ে সংসদ ভবন থেকে বের হতে চাইলে ‘ধর, ধর’ বলে তাদের দিকে ধেয়ে আসেন যুব মহিলা লীগের নেত্রীরা। তবে পুলিশ তাদের বাধা দেওয়ায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরপর ঘটনাস্থল থেকে যুব মহিলা লীগের সবাইকে সরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের প্রহরায় বিএনপির সাংসদরা সংসদভবন এলাকা ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসডব্লিউ/আরএ/১৪১১ ঘ.
bdnews24