ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর মতিঝিল ও সদরঘাটে দুটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে মতিঝিল শাপলা চত্বরের সামনে দুই মোটরসাইকেল আরোহী ফাঁকা জায়গায় দুটি হাতবোমা নিক্ষেপ করে।
“জর্দার কৌটা দিয়ে বানানো একটি হাতবোমা বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জানিয়ে ওসি বলেন, আতঙ্ক সৃষ্টির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
এদিকে দুপুর ২টার দিকে সদরঘাট এলাকার সোনালী ব্যাংকের পাশে ওভারব্রীজের নিচে একটি হাতবোমা বিস্ফোরণ হয়।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে।
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল।
সোমবার হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসআই/আরএ/১৫২২ ঘ.
bdnews24