২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে অগ্নিসংযোগ: সাকার অভিযোগ গঠন পেছালো

সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। রোববার হরতালের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সাকা চৌধুরীকে আদালতকে হাজির না করায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া আগামী ২৯ মে এ দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন দিয়েছেন। চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এ দুটি মামলায় জামিনে থাকলেও একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় ঢাকায় কারাগারে আটক রয়েছেন সাকা চৌধুরী। ২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি লরি, কভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাকা চৌধুরীর অনুসারীরা। সে সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সাকা চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। বিশেষ ক্ষমতা আইনে করা দুটি মামলায় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল। সাকা চৌধুরীকে ‘হয়রানি করার প্রতিবাদে’ তার সমর্থকরা এ ভাঙচুর চালায় বলে পুলিশের অভিযোগ। সীতাকুণ্ড থানার এসআই খাদেমুল বাশার গত বছরের ১২ নভেম্বর সালাউদ্দিন কাদেরসহ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/২১০১ ঘ.