২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বোমা ছুড়েছে বিএনপি: প্রতিমন্ত্রী

সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের জন্য বিএনপিকে দায়ী করে এই ধরনের অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের জন্য বিএনপিকে দায়ী করে এই ধরনের অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের হরতালের মধ্যে রোববার দুপুরে সচিবালয়ে বোমা বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। টুকু বলেন, “ওরা সন্ত্রাস পছন্দ করে, হত্যার রাজনীতি পছন্দ করে। ওরা সন্ত্রাসীদের প্রতিনিধিত্ব করে। সচিবালয়ে বোমা হামলার দায় হরতালকারীদেরই নিতে হবে।” “এখান থেকে সরে না এলে সাঁড়াশি অভিযান চালানো হবে,” বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে দাবি করে এর প্রতিবাদে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবার হরতাল ডাকা হয়। ওই হরতালে কড়া নিরাপত্তার মধ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী দুজনই কার্যালয়ে ছিলেন। ওই ঘটনার পর স্বরাষ্ট্র সচিব, পুলিশপ্রধান, ঢাকার পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দেড় ঘণ্টার ওই বৈঠকে প্রতিমন্ত্রীও ছিলেন। টুকু সাংবাদিকদের বলেন, “এক জন ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় ওরা দিনের পর দিন হরতাল দিচ্ছে। এর লক্ষ্য কী? যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করতে তারা উঠেপড়ে লেগেছে।” হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে এ নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগও নাকচ করেন তিনি। টুকু বলেন, “ইলিয়াসকে নিখোঁজ রেখে সরকারের লাভ কী? তারা ইলিয়াসকে তাদের সৃষ্ট জঙ্গির কাছে রেখে দিয়েছে কি না, আমরা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভেবে দেখতে বলেছি।” সচিবালয়ে বোমা ছোড়ার ঘটনা তদন্তে কমিটি করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “ঘটনা ঘটলে তদন্ত হবে। তদন্ত হলে মামলা হবে। এটাই তো স্বাভাবিক।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৩২ ঘ.