২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে পেছাল খালেদার দুই মামলার শুনানি

হরতালের কারণে খালেদা জিয়া হাজির হতে পারেননি বলে তার আইনজীবীদের আবেদনে জিয়া অরফ্যানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের দুটি মামলার শুনানির নতুন তারিখ ঠিক করেছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুটি মামলার শুনানি পিছিয়েছে। রোববার ঢাকার আদালতে এই দুই মামলার শুনানি দিন ঠিক ছিল। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতকে বলেছেন, ‘নিরাপত্তাহীনতার’ কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এই দিন বিএনপি দিনব্যাপী হরতাল ডাকে, যাতে কয়েকটি স্থানে বোমাবাজি হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির কথা ছিল। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক জন্য আগামী ৩১ মে নতুন দিন ঠিক করেছেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া রোববার সময়ের আবেদন করেন। এই দুই আইনজীবীই বিএনপির কেন্দ্রীয় নেতা। গত ১৮ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি প্রথম দফায় পিছিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের এই মামলায় খালেদা জিয়ার পাশাপাশি আসামি করা হয়েছে তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা হারুনুর রশিদ। গত ১৬ জানুয়ারি তিনিই মামলার অভিযোগপত্র দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। অভিযোগপত্রে আরও বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল রোববার। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হক আগামী ১৪ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ও জয়নাল আবেদীন মেসবাহ আদালতকে জানান, হরতালের দিনে নিরাপত্তার কথা ভেবে খালেদা জিয়া আদালতে আসতে পারেননি। এই মামলায় খালেদার সঙ্গে তার ছেলে তারেক রহমানও আসামি। দেশের বাইরে থাকায় তারেকের পক্ষে তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে হাজিরা দাখিল করেন। এই মামলায় জামিনে থাকা আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ রোববার আদালতে হাজির ছিলেন না। বাকি আসামি ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা হয়। গতবছরের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫০৯ ঘ.