২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে সব শুনানি মুলতবি

হরতালের কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে কয়টি মামলার শুনানি ছিল, তার সবগুলোই মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে কয়টি মামলার শুনানি ছিল, তার সবগুলোই মুলতবি হয়েছে। রোববার বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম টাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপন এবং মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক ছিল। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন দ্বিতীয় ট্রাইব্যুনালে আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামি সালাউদ্দিন ও নিজামীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়নি এবং হাজির হননি জামিনে থাকা আলীমও। এরপর ট্রাইব্যুনাল নির্ধারিত শুনানি আগামী ৩ মে পর্যন্ত মুলতবি করেন। সকালে দ্বিতীয় ট্রাইব্যুনালে আলীমের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, হরতালের কারণে মহাখালীতে সংঘর্ষ হওয়ায় সেখান থেকে ট্রাইব্যুনালে আসতে পারেননি তার মক্কেল। তবে প্রসিকিউশন বিভাগ এর বিরোধিতা করে আলীমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। প্র্রসিকিউটর রানা দাসগুপ্ত বলেন, “একজন ব্যক্তির জন্য গত কয়েকদিন এ হরতাল হচ্ছে। এর শেষ হবে কবে, তাও আমরা জানি না। পুলিশের কাস্টডিতে থাকলে তাকে (আলীম) ট্রাইব্যুালে আনতে কোনো সমস্যা হবে না।” আলীম জামিনে থাকলেও বন্দি সালাউদ্দিন কাদের ও মতিউর রহমানকে রোববার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করেনি পুলিশ। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে প্রাথমিক বক্তব্য উপস্থাপনের জন্য প্রস্তুত ছিল প্রসিকিউশন বিভাগ। প্রসিকিউটর জেয়াদ আল মালুম নিজে প্রস্তুত থাকার কথা জানালেও সালাউদ্দিনের পাশাপাশি অনুপস্থিত ছিলেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর আমির নিজামীরও আইনজীবী। ফলে ওই মামলার শুনানিও পিছিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএ/এমআই/১২৪৬ ঘ.