২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে পেছাল জিয়া ট্রাস্ট মামলার শুনানি

হরতালের কারণে খালেদা জিয়া হাজির হতে পারেননি বলে তার আইনজীবীদের আবেদনে আগামী ৩১ মে এই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির নতুন তারিখ ঠিক করেছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া আদালতে অনুপস্থিত থাকায় ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। রোববার আদালতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা তার অনুপস্থিতির কারণ হিসেবে ‘নিরাপত্তাহীনতাকে’ দেখিয়েছেন। এই দিন বিএনপি দিনব্যাপী হরতাল করছে, যাতে কয়েকটি স্থানে বোমাবাজি হয়েছে। খালেদার আইনজীবীদের সময়ের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ৩১ মে নতুন দিন ঠিক করেছেন। রোববার শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। এই দুই আইনজীবীই বিএনপির কেন্দ্রীয় নেতা। নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবার পুনরায় একই কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গত ১৮ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি প্রথম দফায় পিছিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের এই মামলায় খালেদা জিয়ার পাশাপাশি আসামি করা হয়েছে তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা হারুনুর রশিদ। গত ১৬ জানুয়ারি তিনিই মামলার অভিযোগপত্র দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। অভিযোগপত্রে আরও বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১১৫৪ ঘ.