২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে লাঠিপেটায় তৈমুর আহত

এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে নারায়ণগঞ্জে মিছিল বের করে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে নারায়ণগঞ্জে মিছিল বের করে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছে বিএনপি নেতা-কর্মীরা। রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে লাঠিপেটায় আহতদের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারও রয়েছেন। পুলিশ মহিলা দলের জেলা সভানেত্রী নুরুন নাহার ও ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মামুনকে আটক করেছে। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় শহরের শুক্কুর কারী মসজিদের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে সভা করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা সভা চালাতে গেলে পুলিশ লাঠিপেটা করে। লাঠিপেটায় আহত অন্যদের মধ্যে রয়েছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নগর যুবদলের যুগ্ম আহবায়ক রানা মুজিব। লাঠিপেটার সময় ওলামা দলের নেতা মামুন ও মহিলা দলের নেত্রী নাহারকে আটক করে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমূর আলম পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে এবং ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হয়ে কাজ করছে।” তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি নেতা-কর্মীরা জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করায় ‘মৃদু’ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে বিএনপির তিন দিন হরতালের পর রোববার একই কর্মসূচি দিয়েছে ১৮দলীয় জোট। রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিরোধী দল। হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলছে না। তবে কিছু লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস না চলায় প্রত্যেকটি ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৫ ঘ.