চট্টগ্রাম এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ, গুম, নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে ধ্বংস করার চেষ্টার পরিণাম ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে রোববার ডাকা হরতালের সমর্থনে শনিবার বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে অন্য রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বিরোধী দলকে ধ্বংস করার লক্ষ্যে যেভাবে অপহরণ, গুম, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে- তার পরিণাম ভয়াবহ হবে।”
“প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা যারা এর পিছনে জড়িত একদিন জনগণ তাদের বিচার করবে। গ্রেপ্তার, নির্যাতন যত বেশি হবে- আন্দোলনও ততো জোরদার হবে”, যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী হরতালে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন অভিযোগ করে খসরু বলেন, “হরতালে কোনো রকম অরাজকতা হলে তার দায়-দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর।”
চাঁদগাও থানা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/আরআরডি/জেকে/১০১৫ ঘ.
bdnews24