নোয়াখালী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীকে সরকারই তুলে নিয়েছে বলে পুনরায় দাবি করে তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, “শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত না দিলে বোরবার থেকে লাগাতাল কঠোর আন্দোলন শুরু হবে। এ ব্যাপারে কোনো আপস নেই। সারা দেশে আগুন জ্বলবে, এ আগুন নেভাতে পারবেন না।”
শুক্রবার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ একথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ইলিয়াস আলীকে আপনারাই গুম করেছেন। হয় তাকে ফেরত দিন, তা না হলে পদত্যাগ করুন। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী সব কিছু আপনাদের কাছে।
“এরপরও যদি ইলিয়াস আলীকে ফেরত দিতে না পারেন, তাকে খুঁজে বের করতে না পারেন, তাহলে সরকারে আছেন কেন?”
গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার।
শুরু থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, সরকারি কোনো এজেন্সির লোকজন ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, ইলিয়াসকে নিয়ে বিএনপি ‘নাটক’ করছে।
ইলিয়াসের সন্ধান দাবিতে তিন দিন হরতালের পর গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষণা দেন, বিএনপি নেতাকে না পেলে আগামী রোববার থেকে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৬ ঘ.
bdnews24